প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
ভূরুঙ্গামারীতে ১০ কার্যদিবসের ভিডিপি প্রশিক্ষণ শেষে ৮০ জনকে সনদ বিতরণ

কফিলুর রহমান
(বিভাগীয় প্রধান,রংপুর) :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) কার্যক্রমের ১০ কার্যদিবসের প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০ জন পুরুষ ও ৩০ জন নারীসহ মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ৮ নভেম্বর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
১০ কার্যদিবসের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের সক্ষমতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন এবং উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ কল্পনা বেগম। তাদেরকে সহযোগিতা করেন ইউনিয়ন আনসার কমান্ডার মোঃ জহুরুল ইসলাম জাহাঙ্গীর, তিলাই ইউনিয়ন ভিডিপি দলনেতা মোঃ শফিকুল ইসলাম এবং পাথরডুবি ইউনিয়ন ভিডিপি দলনেত্রী মোছাঃ সুফিয়া বেগম।
প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৮০ জন নারী-পুরুষের হাতে সনদ তুলে দেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আরিফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আল মামুন। এ সময় কলেজের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪